যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সদস্য গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩০

বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগে দেব প্রসাদ সাহা নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারের পর যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিচারপতি সাইফুদ্দিন হুসাইন আগামী ১৯ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। গ্রেফতার দেব প্রসাদ সাহা খুলনার তেরখাদা উপজেলা শহরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। গ্রেফতার ও রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও বেনাপোল থানার ওসি মামুন খান।

আদালত সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি দেব প্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল। সেই সুবাদে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় ভারতের অনেকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। যে কারণে তিনি যখন-তখন নোম্যানস ল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া-আসা করতেন।