দলিত ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের বিরুদ্ধে এ বছর ৪১ মামলা হয়েছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩১

চলতি বছর সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে ৪১টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সামাজিক বিচ্ছিন্নতার কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ফলে তারা মানসম্পন্ন জীবনযাপন, স্থায়ী চাকরি, আয়, সম্পদ, ব্যাংকিং সেবা, আবাসন, শিক্ষা, দক্ষতা অর্জন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আইনি সহায়তার সুযোগ, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং মানবিক মর্যাদা ভোগের সুযোগ থেকে বঞ্চিত। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দলিত ও সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মানবাধিকার পরিস্থিতি-২০১৯ সার সংক্ষেপ’ বিষয়ক সাংবাদিক সম্মেলনে বক্তারা একথা বলেন। দলিত ও সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত ন্যাশনাল অ্যাডভোকেসি প্লাটফরম (ন্যাপ) এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

উল্লেখ করা হয়, চলতি বছর সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ক্ষেত্রে ২০টি এবং দলিতদের ক্ষেত্রে ২১টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্তদের আটক বা গ্রেফতার করা হয়েছে। আবার গ্রেফতারের পর অভিযুক্তদের ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাডভোকেসি প্ল্যাটফরমের আহ্বায়ক মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নারী নেত্রী খুশী কবির, দলিত নারী নেত্রী বনানী বিশ্বাস। লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।