বিনা অপরাধে কারাভোগের ৯ দিন পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন সেই কৃষক আব্দুল আজিজ (৬১)। গতকাল মঙ্গলবার বিকালে শুনানি শেষে যশোরের মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মো. শাহাদত হোসেন তাকে মুক্তির আদেশ দেন। সন্ধ্যায় এ আদেশ যশোর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তত্ক্ষণাত্ কারাগার থেকে মুক্তি পান। আব্দুল আজিজ দফাদার যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের বাসিন্দা।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার আবু তালেব জানান, নিরপরাধ আব্দুল আজিজকে মুক্তির আদেশ সংক্রান্ত আদালতের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অগ্রাধিকারের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়। স্বজনরা জানান, মুক্তির পর পুলিশ প্রহরায় আব্দুল আজিজকে তার গ্রামের বাড়ি চৌগাছার সিংহঝুলিতে পৌঁছে দেওয়া হয়।
গত ৯ ডিসেম্বর রাতে চৌগাছা থানার এ এস আই আজাদের নেতৃৃৃৃত্বে পুলিশ প্রকৃত আসামি আহাদ আলী কারিগরের ছেলে আব্দুল আজিজের পরিবর্তে মৃত আহাদ আলী দফাদারের ছেলে আব্দুল আজিজ দফাদারকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিয়ে গত ১৪ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘শুধু নামের মিলের কারণে’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় উঠে আসে।
