খিলগাঁও ও জুরাইনে বিএনপি প্রার্থীদের ওপর হামলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

রাজধানী ঢাকা-৯ ও ঢাকা-৪ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে মঙ্গলবার দুপুরে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। অপরদিকে, ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের নির্বাচনী গণসংযোগে জুরাইন এলাকায় লুঙ্গি পরিহিত কিছু যুবক হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে বিএনপি অভিযোগ করেছে। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করছে দলটি।