মুক্তার হোসেন
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘বিজয়ের উল্লাসে’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০ পর্যন্ত উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস ফোক থিয়েটারের শিল্পীদের সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠনের সূচনা করা হয়। এরপর দর্শকদের অনুরোধে ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’, ‘কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’, ‘তোমার লেখা গান আমি গাইবো বন্ধু রে’ ও ‘মধু হইহই বিষ হাওয়াইলা’ গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনা সাহা গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকায় মাথা’ গানটি । সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ইমরানুল হক। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম প্রমুখ। লোকজ সংস্কৃতি গম্ভীরা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি উপস্থপনা করেন শিরাজী ইমন।
