কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের জমিতে অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপনের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মোবারক হোসেন এবং ছাত্রলীগ নেতারা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে কলেজ সংলগ্ন জমিতে ফিলিং স্টেশন স্থাপনের চেষ্টা করে আসছে। কলেজ ভবনের পাশে ফিলিং স্টেশন হলে পরিবেশ দূষণের পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর প্রতিবাদের অংশ হিসেবে বুধবার দুপুরে কয়েক শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেন। এসময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ১১৩টি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
