চলে গেলেন নির্মাতা সাইদুল আনাম টুটুল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪২

সিনে জগতে আবারো শোকের ছায়া। চলে গেলেন অভিনয়শিল্পী, নির্মাতা ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল। গতকাল বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। সাইদুল আনাম টুটুলের বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক। এছাড়া তার স্ত্রী মোবাশ্বেরা খানমও বিষয়টি নিশ্চিত করেছেন।

অলিক বলেন, ‘সাইদুল আনাম টুটুলের হূদযন্ত্রের সমস্যা ছাড়াও ফুসফুসে পানি জমেছিল। এছাড়া রক্তচাপটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। চিকিত্সকরা বেলা সাড়ে তিনটায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।’ সাইদুল আনামের ভাতিজা সামিউল আনাম জানান, সাইদুল আনামের দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম যুক্তরাষ্ট্রপ্রবাসী। সোমবার বড় মেয়ে ঐশী আনাম দেশে ফিরেছেন। আগামীকাল (আজ) ছোট মেয়ে অমৃতা আনাম দেশে ফেরার পর সাইদুল আনাম টুটুলকে দাফন করা হবে।  

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’-খ্যাত এই নির্মাতা। এর আগে সরকারি অনুদানে ২০০৩ সালে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায়। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন এই নির্মাতা ও সম্পাদক।