বিভিন্ন স্থানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে র্যালিসহ বর্ণাঢ্য আয়োজনে বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল: বরিশাল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে র্যালি বের করা হয়। পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট রাজিব আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

রংপুর: জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবির। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মুকুল চন্দ্র মহন্ত।

পঞ্চগড়: জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম সভায় বিশেষ অতিথি ছিলেন।

পিরোজপুর: সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের দপ্তর পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের অতিরিক্ত মহাব্যবস্থাপক বিভাষ চন্দ্র হাওলাদার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান, কৃষি ব্যাংকের কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও মাহমুদ হোসেন শুকুর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহমুদ হোসেন, অভিবাসী হেনা পারভীন ও জালাল উদ্দিন।

সুনামগঞ্জ: জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) হারুণ অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।

কুমিল্লা: নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী।

এছাড়া রাজশাহীর তানোর, দিনাজপুরের কাহারোল, বাগেরহাটের মোরেলগঞ্জ, জয়পুরহাটের কালাই, পাবনার চাটমোহর এবং পিরোজপুরের কাউখালী উপজেলায়ও একইভাবে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।