স্পোর্টস রিপোর্টার
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি পঞ্জিকাবর্ষে ভারতের সর্বোচ্চ ওয়ানডে ইনিংসটা খেলেছেন রোহিত শর্মা। সেটা এ বছর মিস হয়ে যাচ্ছিল। কিন্তু বছরের এই শেষ দিকে এসে রেকর্ডটা নিজের করে নিলেন। গতকাল খেললেন ১৫৯ রানের ইনিংস। সেই সঙ্গে লোকেশ রাহুলও করলেন সেঞ্চুরি। আর পরের দিকে শ্রেয়াশ আয়ার ফিফটি করলে ভারতের রান চলে যায় পর্বতচূড়ায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাখাপত্তমে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৮৭ রান করেছে ভারত। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেটে ১২০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল ক্যারিবীয়রা। এই ম্যাচে তার জবাব দেওয়ার জন্য ব্যাট হাতে অন্তত কোনো ঘাটতি রাখেনি ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২২৭ রান। রোহিত ১৩৮ বলে ১৫৯ এবং রাহুল ১০৪ বলে ১০২ করেন। পরে কোহলি বিনা রানে আউট হলেও আয়ার ৫৩ ও পান্ট ১৬ বলে ৩৯ রান করেন।
