বিবিসি
অস্ট্রেলিয়ায় গতকাল বুধবার উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, এদিন দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড রয়েছে। ১৯৬০ সালের ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার জনবিরল ওডনাডাট্টা শহরে ঐ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
অস্ট্রেলিয়ায় কিছুদিন ধরেই ভয়াবহ খরা ও দাবানল হয়েছে । এর মধ্যেই উষ্ণতম দিনের রেকর্ড হলো। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় আরো গরম পরিস্থিতি থাকবে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড রয়েছে, তা ভেঙে যেতে পারে।
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এই সপ্তাহের শুরুতে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে এই প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভূমিকা বেশ সমালোচিত হচ্ছে।
আবহাওয়া দপ্তর বলছে, পূর্ব দিকে লু হাওয়া বয়ে যাওয়ার কারণে ঐ মহাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।
