ইত্তেফাক রিপোর্ট
প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা ২৮ ডিসেম্বরের মধ্যে নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছে আদালত। ঐদিন এ বিষয়ে প্রয়োজনীয় নথি নিয়ে তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী জামিউল হক ফয়সাল শুনানি করেন।
পিইসি পরীক্ষার বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে হাইকোর্ট গত নভেম্বর মাসে রুল জারি করে। রুলে পিইসি শিক্ষার্থীদের বহিষ্কার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।
