ঢাকার মতিঝিলে এক পথশিশুর শরীরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মতিঝিল থানার ওসিকে দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। এছাড়া পথশিশুদের পুনর্বাসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৪০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দশ বছর বয়সি সেলিমের গায়ে আগুন দেয় এক ব্যক্তি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন আইনজীবী মো. মনিরজ্জামান। আবেদনের পক্ষে শুনানি করেন তিনি নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।
