স্পোর্টস রিপোর্টার
গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রামে অনুষ্ঠিত দুটি খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথম খেলায় রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ১৬ রানে হারিয়েছে ঢাকা প্লাটুন্সকে।
আগে ব্যাট করা চট্টগ্রাম ৪ উইকেটে তুলেছিল ২২১ রান। এটা বিপিএলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোর। চট্টগ্রামকে ভালো সূচনা এনে দেন লিন্ডল সিমন্স ও ফার্নান্দো। সিমন্স ৩৬ বলে ৫৭ ও ফার্নান্দো ১৩ বলে ২৬ রান করেন। এরপর ইমরুল কায়েস এসে ২৪ বলে করেন ৪০ রান। তবে রানটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারালেও ঢাকা লড়াই করেছে। মুমিনুল হক ৩৫ বলে ৫২ রান করেছেন। পরে থিসারা পেরেরা ২৭ বলে ৪৭ রান করেন। মাশরাফি মাত্র ৬ বলে ২৩ রান করেন। তারপরও পেরে ওঠেনি ঢাকা। ২০৫ রানে থেমে যায় তারা।
