প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে (সেনাকুঞ্জের বিপরীতে) অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ রাখা হয়েছে। আজ নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফনের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে বেলা ১২টায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে নিয়ে যাওয়া হবে। গত মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘বীরবিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন ছিলেন তিনি।
