ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অনেক আগে থেকেই চোরাই জ্বালানি তেল কেনা-বেচা হয়ে আসছে। ইদানিং এটি ব্যাপক আকার ধারণ করেছে। মহাসড়কের পাশে নির্জন নিরিবিলি স্থানে ছোট ছোট ঘরে দিন-রাত অবাধে চলছে চোরাই তেল বেচা-কেনা। তবে রাতের বেলা চোরাই তেলের কারবার জমে ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন, বিশেষ করে বড় বড় কোম্পানির ট্রাক-কাভার্ড ভ্যানের চালকরা চুরি করে এসব তেল কম মূল্যে বিক্রি করছে এলাকার একশ্রেণির অসাধু তেল ব্যবসায়ীর কাছে। আর এসব ফড়িয়াদের থেকে কম মূল্যে কিনে সেই তেল ব্যবহার করা হচ্ছে স্থানীয় ইট ভাটাগুলোতে। রাতের বেলা বাথুলি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এবং ইনসেপ্টা ওষুধ ফ্যাক্টরির দক্ষিণ পাশে মহাসড়ক সংলগ্ন ছোট্ট ঘরের সামনে কাভার্ড ভ্যান থামিয়ে তেল কেনা-বেচা করতে দেখা যায়। চোরাই তেল কেনা-বেচার সাথে জড়িত নূর মোহাম্মদ জানান, বিভিন্ন জায়গায় নিয়মিত মাসোহারা দিয়েই তারা এ ব্যবসা চালাচ্ছেন।
