নজরুলের অসাম্প্রদায়িক চেতনা গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভোলায় ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই নজরুল সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুল প্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিক সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: জুলাইয়ে চলবে চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন
দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভূমি সংস্কার বোর্ড সচিব উম্মুল হাসান, সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামি চৌধুরী, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আরও জানান, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। ইতিমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা।
ইত্তেফাক/এসি
