দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না : গণপূর্ত মন্ত্রী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোন প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। নিজেদের অনিয়ম, ভুল-ভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

 

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে দপ্তর-সংস্থার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী আরও বলেন, ‘নিজ নিজ কর্তব্য পালনে সতর্ক হওয়া উচিত। সংস্থা প্রধানদের নিয়মিত প্রকল্প পরিদর্শনে আন্তরিক হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতার প্রতিফলন ঘটাতে হবে। মন্ত্রণালয় ও নিজ দপ্তরকে ধারণ করতে হবে। নিজ প্রতিষ্ঠানের জন্য সবাই একসাথে কাজ করতে হবে।

আরো পড়ুন : এলাকায় গেলে মানুষ গালি দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না: অর্থমন্ত্রী

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী ও মো. আমিনুল ইসলাম খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি