চন্দনকৃষ্ণ পাল
চাঁদের আলো গিলে ফেলে
শহুরে ঐ বাতি
বিদ্যুতের এই মেকি আলো
সকল রাতের সাথী।
চাঁদ মামা তাই চুপি চুপি
আসে এবং যায়
কেউবা দেখে একটু ঝলক
কেউ দেখা না পায়।
চাঁদ দেখবে? আর জোছনা?
যেতে হবে গ্রামে
চাঁদের আলোর মায়াবী রাত
গ্রামটি জুড়েই নামে।
জোছনা দেখার নিমন্ত্রণে
এসো তুমি প্রিয়
জোছনা রাত আর চাঁদের স্মৃতি
প্রাণটি ভরে নিও।
