ঢাকা-৬ আসনে ‘লাঙ্গল’ বনাম ‘ধানের শীষ’

ফিরোজ বললেন অপশক্তি তত্পর, সুব্রত বললেন গণতন্ত্রের লড়াই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৭

ঢাকা-৬ আসনে (সূত্রাপুর) আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের একক প্রার্থী জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, তিনি লড়ছেন দলীয় প্রতীক ‘লাঙ্গল’ মার্কায়। এ আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সুব্রত লড়ছেন বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে। ফলে এ আসনে লড়াই চলছে ‘লাঙ্গল’ বনাম ‘ধানের শীষ’ এর। তাছাড়া মূল প্রতিদ্বন্দ্বী দুইজনই আইনজীবী হওয়ায় স্থানীয়দের কেউ কেউ বলছেন ‘দুই উকিলের লড়াই’।

গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই গত আটদিন ধরে এলাকা চষে বেড়াচ্ছেন ফিরোজ রশীদ। গতকাল মঙ্গলবার গণসংযোগ ও বিভিন্ন পথসভায় তিনি বলেন, দেশে অপশক্তি তত্পর। ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে  কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে তারা দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।

অন্যদিকে, ‘ধানের শীষ’ মার্কার প্রার্থী সুব্রত চৌধুরী গতকাল সকালে ঢাকা জজ কোর্ট এলাকা থেকে প্রচার শুরু করে শাঁখারীবাজার, রবাকান্ত নন্দ লেন (ঘি পট্টি), পাটুয়াটুলি (আংশিক), পাটুয়াটুলি লেন, ওয়াইজঘাট, আহসানউল্লাহ রোড (আংশিক), কুমারটুলি লেন (আংশিক), জি.এল. গার্থ লেন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, আমরা আইনের শাসন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। গ্রেফতার করে ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের মন জয় করা যায় না।