সাতপাই রেলক্রসিংয়ে গেট নেই!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৯

ঝুঁকিপূর্ণ পারাপার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় রেলগেইট না থাকায় এই সড়কে যানবাহনসহ জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নেত্রকোনা পৌর এলাকার সাতপাই রেলক্রসিং এলাকা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এছাড়া এই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ, পিটিআই, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা প্রকৌশল অফিস, পানি উন্নয়ন বোর্ড অফিস, বিএডিসির বীজাগার ছাড়াও এখানে বেশ কয়েকটি ছোটো-বড়ো অফিস রয়েছে। এই রেলক্রসিং দিয়ে শিক্ষার্থীসহ শত শত লোক যাতায়াত করে থাকেন। ট্রেন আসার সময় হলে গেইটম্যান একটি বাঁশ দিয়ে একদিকের সড়ক আটকে রাখেন। আবার এই বাঁশটা তাকে নিজের হাতে ধরে রাখতে হয়। রেলক্রসিংয়ের পূর্ব পাশে বাঁশ দিয়ে আটকালেও পশ্চিম দিকে আটকানোর কোনো ব্যবস্থাই নেই। ট্রেন যখন আসে, তখন অনেক যানবাহন তাড়াতাড়ি গেইট পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। জনসাধারণের দাবির মুখে প্রায় ১০ বছর আগে কাঠের রুল দিয়ে গেইট আটকানোর ব্যবস্থা করা হলেও তা কয়দিন পর নষ্ট হয়ে যায়। এরপর গত চার-পাঁচ বছর যাবত্ গেইটের আর কোনো সংস্কার করা হয়নি।

নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র আমজাদ হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলতে হয়। অধ্যাপক মিজানুর রহমান নান্নু বলেন, আমার স্কুলগামী সন্তানদের জীবনের ঝুঁকি নিয়ে রেলগেইট পার হতে হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু রেল কর্তৃপক্ষের সেদিকে কোনো নজর নেই।

এ ব্যাপারে নেত্রকোনা বড়ো রেল স্টেশন মাস্টার রাফিউদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, সাতপাই রেলক্রসিং এলাকায় রেলগেইট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি লেখা হয়েছে। এদিকে এই এলাকার জনসাধারণ অবিলম্বে রেলগেইট নির্মাণের দাবি জানিয়েছেন।