বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

হুমকির মুখে জোড়গাছা সড়ক সেতু ও ফসলি জমি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা

সারিয়াকান্দির জোড়গাছা ব্রিজের অদূরে বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেতু, সেতু সংযোগ সড়ক, নদীভাঙন রোধে পাইলস ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে বাঙ্গালি নদীতে ড্রেজার বসিয়ে দিনরাত ২০০/৩০০ ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

সরেজমিনে দেখা গেছে, সারি সারি ট্রাক বালু লোড দেওয়া হচ্ছে। ঐ বালুভর্তি ট্রাক বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিট্রাক বালু ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান রুবেলউদ্দিন জানান, বালু উত্তোলনকারীদের হাত অনেক লম্বা। মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধ করা হলেও রহস্যজনক কারণে আবার বালু তোলা শুরু হয়। তিনি বলেন, সরকারি জমি থেকে বালু তোলা বন্ধ হলে ব্রিজ-কালভার্ট, সড়ক, আবাদি জমি রক্ষা পাবে।

ভেলাবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। এর আগে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। সবাই পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, আমি সারিয়াকান্দিতে যোগদানের পর পরই বালু উত্তোলন বন্ধ করেছিলাম। কিন্তু রাতে অভিযান পরিচালনা করা কঠিন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, বালুর পয়েন্টে মাঝে-মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে থাকে। আবারও অভিযান করা হবে।