অসীম কুমার সরকার, তানোর (রাজশাহী) সংবাদদাতা
চলতি মৌসুমে আমন ফসল ঘরে তোলার পাশাপাশি আগাম আলু চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর তানোর উপজেলার কৃষকরা। চলতি মৌসুমের শেষ সময়ে কোল্ডস্টোরে রাখা আলুর আশানুরূপ দাম পেয়ে কৃষক আবারও আলু রোপণে ঝুঁকে পড়েছেন। এরই মধ্যে উপজেলার বিভিন্ন জমিতে আমন ধান কাটা শুরু হওয়ায় ঐসব জমিতে আলু চাষাবাদ চলছে। অন্যান্য রবি ফসলের চেয়ে আলু লাভজনক ফসল হওয়ায় বিগত কয়েক বছর ধরে এই অঞ্চলের কৃষকরা আলু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা ডিএফএম এমদাদুল ইসলাম বলেন, এবার উপজেলায় ১২ হাজার ৯৫৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে তা ছাড়িয়ে যাবে। আলু লাগানোর আগেই বীজ শোধনের পরামর্শ কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে। জানা গেছে, কৃষকরা তাদের সংরক্ষিত আলু বীজ এবং সিসিডিবি, ব্র্যাক ও বিএডিসির সংগ্রহ করা বীজ নিয়ে আলু রোপণ করছেন। কৃষকদের রোপণ করা উল্লেখযোগ্য আলু বীজের মধ্যে রয়েছে : ডায়মন্ড, কাডিনাল, দেশীয় জাতের লাল পাকড়ী ও গ্যানোলা। বেশি ফলনের আশায় কৃষকরা এবার এসব বীজ সংগ্রহ করে রোপণে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার ধানতৈড় গ্রামের আলুচাষি মোহাম্মদ আলী, আকচা গ্রামের বিশ্বজিত্ চৌধুরী ও গুবিরপাড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, আমন ধানের ফলন আশানুরূপ হয়েছে। কিন্তু ধানের দাম না থাকায় উত্পাদন খরচ উঠছে না। এরপরও আলুর দাম ভালো থাকায় আলুচাষে ব্যস্ত সময় পার করছেন তারা। এ নিয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম জানান, আমন ধান কাটা মাড়াইয়ের পর ঐ জমিতে আলু চাষাবাদ শুরু হয়েছে।
