সুজানগরে অভয়াশ্রমে অবাধে মাছ শিকার!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের মত্স্য অভয়াশ্রম থেকে অবাধে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা যায়, বিশাল গাজনার বিলের বাদাই, চরদুলাই, জোড়পুকুরিয়া এবং সাগরকান্দি পয়েন্টে পাঁচটি মত্স্য অভয়াশ্রম রয়েছে।

বিলপাড়ের রাইশিমুল গ্রামের জলিল শেখ এবং বাদাই গ্রামের আব্দুল মালেক জানান, প্রত্যেক বছর বিল থেকে বর্ষার পানি নেমে যাওয়ার সময় প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেল এবং বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ঐ অভয়াশ্রমে আশ্রয় নেয়। এসব মাছের মধ্যে প্রাকৃতিকভাবে উত্পাদিত মাছের পাশাপাশি বিলে সরকারিভাবে অবমুক্ত করা লাখ লাখ টাকার মাছ রয়েছে। সরকারি নিয়মানুযায়ী মত্স্য অভয়াশ্রমে আশ্রয় নেওয়া মা মাছসহ যেকোনো ধরনের মাছ শিকার নিষিদ্ধ। কিন্তু বিলপাড়ের এক শ্রেণির অসাধু সুফলভোগী মত্স্যজীবী নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঐ অভয়াশ্রম থেকে মা মাছসহ অন্যান্য মাছ শিকার করছেন।  বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাদশা শেখ অভিযোগ করে বলেন, ঐসব মত্স্যজীবী প্রকাশ্যে বাদাই এবং সাগরকান্দি মত্স্য অভয়াশ্রম থেকে মা মাছসহ অন্যান্য মাছ শিকার করলেও উপজেলা মত্স্য বিভাগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ফলে তারা অবাধে ঐ স্থান থেকে সব ধরনের মাছ শিকার করে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন। এ ব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে খোঁজখবর নিয়ে অভিযুক্ত মত্স্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।