স্পোর্টস ডেস্ক
ভারতীয় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব অনন্য এক কীর্তি গড়েছেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি জোড়া হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পরপর তিন বলে তিন উইকেট শিকার করে ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দুইটি হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বুধবার রাতের ম্যাচে ভারত জিতে যায় ১০৭ রানের বিশাল ব্যবধানে। ফলে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা।
বিশাখাপত্নমে নিজের অষ্টম ওভারের শেষ তিন বলে শাই হোপ (৭৮), জেসন হোল্ডরা (১১) এবং আলজারি জোসেফকে (০) আউট করে ওয়ানডে ক্রিকেটে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পান যাদব।
এর আগে ২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করে ওয়ানডে ক্রিকেটে ভারতের চেতন শর্মা, কপিল দেব ও মোহাম্মদ সামির সঙ্গে হ্যাটট্রিক এলিট ক্লাবের সদস্য হন যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ভারতের আর কোনো বোলারেরই একটির বেশি হ্যাটট্রিক নেই। ওয়ানডে ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক ক্লাবের আন্তর্জাতিক বোলার হিসেবে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার চামিন্ডা ভাস, পাকিস্তানের সাকলাইন মুশতাক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের সঙ্গে যোগ দিলেন ভারতের যাদব। ওয়ানডে ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক রয়েছে কেবল মালিঙ্গার। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পরাজিত হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। আগামী রবিবার কটকে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে।
