ম্যানচেস্টার ডার্বি এবার লিগ কাপে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেল প্রতিপক্ষ হিসেবে। অপর সেমিফাইনালে লেস্টার সিটির বিপক্ষ হয়েছে অ্যাস্টন ভিলা। আগামী ৭ জানুয়ারি সেমিফাইনালের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ফিরতি পর্ব হবে ২৮ জানুয়ারি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার প্রথম পর্বে নিজেদের মাঠে খেলবে। পেপ গার্দিওলার সিটি গেল দুই মৌসুমেই টুর্নামেন্টটি জিতেছে। শেষ ছয় বছরের হিসেবে চারবারই কাপটি গেছে সিটির ঘরে। সিটি গত বুধবার রাতে অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-১ গোলে এবং ম্যান ইউ একই রাতে নিজেদের মাঠে কোলচেষ্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে যোগ দেয়।

লেস্টার সিটি যারা ১৯৯৯-২০ মৌসুমে শিরোপাটি জিতেছিল, এভার্টনকে পেনাল্টিতে ৪-২ গোলে জিতে সেমিফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ ড্র ছিল। ২০১২-১৩ মৌসুমের পর আবার সেমিফাইনালে ওঠা অ্যাস্টন ভিলা গত মঙ্গলবার তরুণদের নিয়ে গড়া লিভারপুলকে ৫-০ গোলে হারায়।

ম্যানচেস্টারের দল দুটি ৭ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়েও মুখোমুখি হয়েছিল। সে লড়াইয়ে গার্দিওলার সিটিকে ২-১ গোলে হারিয়েছিল কোচ ওলে গুনার সোলসারের ইউনাইটেড।