তিন চালক, হেলপারসহ সড়কে ঝরল ১২ প্রাণ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

সারাদেশে সড়ক দুর্ঘটনায় তিন চালক ও হেলপারসহ ১২ জন নিহত হয়েছেন। এরমধ্যে গতকাল ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি চালিত এক অটোরিকশার চালকসহ তিন জন মারা যান। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ প্রতিনিধি ও উল্লাপাড়া সংবাদদতা জানান, গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার হরিণচরা গ্রামে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। আহত হন আরো ১০ জন। নিহতরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঠাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার খোকন আলীর ছেলে হেলপার হানজালা রনি (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এ তথ্য জানান।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এরা হলেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মল্লিক বাড়ি গ্রামের মো. আবুল কালামের পুত্র মো. শাহিন (২৩) ও ভোলার দৌলতখাল উপজেলার চরসুবি গ্রামের মো. আবদুল আলির পুত্র মো. মাহাফুজ (২৩)। বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারে একটি কাভার্ড ভ্যান অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. তানভির আহম্মেদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি (নং- চট্ট মেট্রো-ট-১১-৫৩৪৬) জব্দ, চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি ও ত্রিশাল সংবাদদাতা জানান, তারাকান্দা উপজেলার শশার বাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওসি মিজানুর রহমান।

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, উপজেলায় ট্রাকের নিচে (ঢাকা-মেট্রো ট-১৫-৩২৬৪) চাপা পড়ে আলমগীর (২৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত ও চার জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বালুঘাটা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এ তথ্য জানান।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলায় ট্রাকটর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। ঐ নারী নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের চক নেজামপুর হলদিবাড়ী গ্রামের সেনাসদস্য মজিবুর রহমানের স্ত্রী শিউলী খাতুন (২৮)। ওসি মো. সেলিম রেজা জানান, গতকাল নেজামপুর-হাটবাকইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। মজিবুর রহমান তার স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুরে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  তিনি মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের মৃত মুজিবর মোল্লার ছেলে। এ ঘটনায় ইয়াছিনের বোন রাশিদা বেগম আহত হয়েছেন। ওসি তারক বিশ্বাস এ তথ্য জানান।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, কালিহাতীতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়াতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রওশন জামান বাবু (২৫ )। তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামে। তার বাবার নাম মো. খালেকুজ্জামান। ওসি কাজী আইয়ুব এ তথ্য জানান।

সিংড়ায় (নাটোর) সংবাদদাতা জানান, গতকাল আবদুল হাকিম (৪৫) নামে এক কৃষক ভ্যানযাত্রী রাস্তায় পড়ে গেলে ট্রাকে পিষ্ট হয়ে মারা যান। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রামের মৃত হজরত আলীর পুত্র। তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন এ তথ্য জানান।