চারটি লঞ্চ রিজার্ভ করে ঢাকায় বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নিতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রায় ১২ হাজার নেতাকর্মী চারটি রিজার্ভ লঞ্চে করে ঢাকার উদ্দেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নদী বন্দর ত্যাগ করেছেন। এই নেতাকর্মীরা সম্মেলনে অংশ নিলেও দুই দিনব্যাপী কাউন্সিলের শেষ দিন শনিবার মূল অধিবেশনে অংশ নেবেন বরিশাল জেলার ১০৮ জন ও মহানগরীর ১৮ জন মিলিয়ে মোট ১২৬ জন কাউন্সিলর।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এমভি অ্যাডভেঞ্চার-৯, এমভি সুরভী-৯, এমভি পারাবত-১১ এবং এমভি কীর্তনখোলা-২ লঞ্চ রিজার্ভ করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন নেতাকর্মীরা। শুক্রবার কাউন্সিলের প্রথম অধিবেশনে অংশ নেবেন তারা। ওইদিনই তারা বরিশালের উদ্দেশে রওয়ানা হবেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ কেন্দ্রীয় কাউন্সিলে যাওয়া-আসাসহ যাবতীয় সব কিছু তদারক করছেন বলে জানিয়েছেন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত নেতারা।