শব্দ দূষণমুক্ত সচিবালয় এলাকা

গাড়ির হর্ন বাজিয়ে ফেঁসে গেলেন উপসচিব

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০০:৪৯

বাংলাদেশ সচিবালয়ের আশপাশে ঘোষিত ‘নীরব এলাকা’য় যানবাহনের হর্ন বাজালে বিধিমালা অনুযায়ী জেল-জরিমানা শুরু হয়েছে। সচিবালয় এলাকায় গাড়ির হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ি আটক করা হয়েছে। এমন অপরাধে সরকারি উচ্চপদস্থ এই কর্মকর্তার কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের আওতাধীন সচিবালয় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা করেন।

কাজী তামজিদ আহমেদ বলেন, সচিবালয়ের সামনের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন। উপসচিবের নাম প্রকাশে অনিচ্ছুক উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসনের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিন সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে গণমাধ্যমকর্মীদের যাতায়াতের পরিবহন, একাধিক প্রাইভেট কার, জিপ গাড়ি, মাইক্রোবাসসহ বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। তার মধ্যে শব্দদূষণ করায় পরিবেশ আইনে ১৫টি মামলা ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ২৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাত্ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব জোন বা হর্নবিহীন এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।