নাগরিকত্ব সংশোনী আইন নিয়ে গণভোট চান মমতা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০০:৫১

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে ভারতে গণভোট চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি রোডে এক প্রতিবাদ সভায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশে করে বলেন, সারা ভারতে একটা গণভোট হোক। আপনারা করবেন না। জাতিসংঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাকবে। তাদের নিয়ে কমিটি করা হোক। তৃণমূলে থাকার দরকার নেই। বিজেপিরও থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টানের দরকার নেই। এই গণভোটে হেরে গেলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মমতা বলেন, একটা গণভোট হোক। আমরা দেখতে চাই কত লোক নাগরিকত্ব সংশোধনী আইন আর এনআরসি মানছে। 

এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে গতকাল কলকাতায় বিক্ষোভ করেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। অপর্ণা সেন বলেন, সারা ভারতের মানুষ এই আইন মানছেন না। যত দিন না এই আইন বাতিল হবে ততদিন আন্দোলন চলবে। দিল্লিতে বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করারও তীব্র নিন্দা জানান অপর্ণা। এদিন কলকাতায় বিক্ষোভ সমাবেশ করে সিপিএমসহ বামপন্থি দলগুলো।