সরকারি সকল প্রকল্পের নির্মাণ কাজে ইট ভাটায় উত্পাদিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক উত্পাদন ও ব্যবহারকে আংশিকভাবে বাধ্যতামূলক এবং পর্যায়ক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীতকরণে সরকারের ঘোষণাকে উত্সাহব্যঞ্জক বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে দূষণ মোকাবিলায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এ সিদ্ধান্তের কার্যকর প্রয়োগ এবং একইসঙ্গে বেসরকারি সব নির্মাণ কার্যক্রমেও পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রকল্পে ভাটা ইটের ব্যবহার কমবে মাত্র ৩০ শতাংশ যার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ কাঙ্ক্ষিত পর্যায়ে অর্জিত হবে না। বেসরকারি নির্মাণ খাতে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার আইন করে বাধ্যতামূলক করা না হলে এবং ভাটায় পোড়ানো ইটের তুলনায় পরিবেশবান্ধব ব্লক উত্পাদন, সরবরাহ এবং ব্যবহারে প্রণোদনা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বায়ুদূষণ মোকাবিলায় সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাশিত ফল প্রদান নাও করতে পারে বলে আশঙ্কা করেন ড. জামান। তিনি বলেন, এখনই সব ধরনের সরকারি বেসরকারি কাজে পোড়ামাটির ইটের ব্যবহার নিষিদ্ধ করে বায়ুমান উন্নয়নে পরিবেশবান্ধব সব ধরনের ইট ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতে দ্রুত পদক্ষেপের বিকল্প নেই। প্রচলিত ইট ভাটার বায়ুদূষণ ও পরিবেশগত বিপর্যয়ের ক্ষতি মোকাবিলার পাশাপাশি ইট উত্পাদনে কর্মরত শ্রমিকদের অমানবিক জীবন রক্ষায় ভাটাগুলো বন্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
