ভারত ও নেপালের সঙ্গে বিদ্যুত্সচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ভারতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর এক দিন আগে গতকাল বৃহস্পতিবার ভারত ও নেপালের বিদ্যুত্ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বৈঠক বাতিলের সিদ্ধান্তের তথ্য জানায় বাংলাদেশের বিদ্যুত্ বিভাগ।
ভারতের সঙ্গে গঠিত যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে বিদ্যুত্সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের গতকাল ভারতের উদয়পুরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণে’ তারা যাননি।
কিছুদিন পর দুই দেশের আলোচনার ভিত্তিতে এই বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
প্রায় একই ধরনের চিঠি দেওয়া হয়েছে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়কেও। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর নেপালের পোখারায় বাংলাদেশের বিদ্যুত্ সহযোগিতায় গঠিত যৌথ স্টেয়ারিং ও যৌথ ওয়ার্কিং কমিটির তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল।
