বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:২২

রংপুরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর মুন্সিপাড়া মহল্লার দোলাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মনারুল (২৫)। তিনি নগরীর মুন্সিপাড়া মহল্লার আশেক আলীর ছেলে।

পুলিশ জানায়, এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজে নিয়ে যায়। 

আরও পড়ুন: আড়াইহাজারে স্পিনিং মিলে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এ ব্যাপারে নিহত মনারুলের বড় ভাই আনোয়ারুল ইসলাম জানান, ভাই দর্জির কাজ করতো। রাতে বন্ধুর পরিচয়ে তাকে বাসা থেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

ইত্তেফাক/এসি