বিনোদন প্রতিবেদক
টেলিভিশনের পাশাপাশি দর্শকদের হাতে নাটক দেখার অনেক সুযোগ এখন। ইউটিউবের জন্য নাটক নির্মাণের শুরুটা হয়েছে কয়েকবছর হলো। এই বছর নতুনভাবে যুক্ত হয়েছে অনলাইন স্ট্রিমিং অ্যাপ। ইউটিউবে নাটক প্রচারের সংখ্যাটা আরো বেড়ে দ্বিগুণ হয়েছে। তাই এখন শুধু বিশেষ দিবস নয়, সারাবছরই নাটক নিয়ে ব্যস্ত থাকেন ছোটপর্দার তারকারা। তবুও বিশেষ দিবসের ব্যস্ততা স্বাভাবিকভাবেই বেড়ে যায় অনেকগুণ। আর প্রথমসারির ব্যস্ত তারকাদের বেলায় তো কথাই নেই। দিনরাত মিলিয়ে কাজ করতে হয় তাদের।
নাটকের সংখ্যা বাড়ার কারণে নির্মাতাদের নাটকের প্রস্তুতিও নিতে হয় আগে থেকে। নতুন বছরে শুরুই হয় বেশ কয়েকটি বিশেষ দিবসের মধ্য দিয়ে। নতুন বছরের বিশেষ নাটক, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটকের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখনই। যেহেতু নাটকের সংখ্যা বেড়েছে, তাই প্রস্তুতিও আগে থেকেই নিতে হচ্ছে।
বিশেষ দিবসের নাটকে আলোচিত মুখগুলো হলো মোশাররফ করিম, আফরান নিশো, তাহসান খান, অপূর্ব, ইরফান সাজ্জাদ, জোভান, তওসিফ মাহবুব, তানজিন তিশা, সাফা কবির, জাকিয়া বারি মম, তাসনুভা তিশাসহ অনেকে।
গল্পের একই ধাঁচের গাঁথুনিতে অনেকটা বিরক্ত দর্শক। যদিও নির্মাতার বলছেন নিয়মিত ধারার বাইরে এসে গল্পকে নতুনভাবে দেখানো হচ্ছে এখন। নাটকগুলো প্রচারের পরই নতুন বছরে নাটকের নতুনভাবে কী যুক্ত হলো তা আলোচনার বিষয়ে দাঁড়াবে। আগামীবছরের শুরুতে কয়েকটি বিশেষ দিবসে নাটক প্রচার হবে প্রায় ১৫০টি। এরমধ্যে ভালোবাসা দিবসের নাটক নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশিই থাকে। তাই নাটকের সংখ্যাও এই দিবসে বেশি।
ভালোবাসা দিবসে প্রচারিত হবে নির্মাতা সাগর জাহানের নাটক ‘ভালোবাসাবাসি’। গত মাসে এই নাটকটির শুটিং করা হয়। এই নাটকে জুটি হিসেবে দেখা যাবে তাহসান ও পূর্ণিমাকে। বড়পর্দার পাশাপাশি প্রায় ছোটপর্দায় অভিনয় করেন পূর্ণিমা। এমনকি ধারাবাহিক নাটকেও দেখা গেছে তাকে। তবে এবার অনেকদিন পর ছোটপর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। অন্যদিকে বিশেষ দিবসের নাটক ছাড়া নতুন বছরের নাটকেও দেখা যাবে তাহসানকে।
ভালোবাসা দিবসের নাটকগুলোয় একঘেঁয়েমি প্রেমের গল্প থেকে এখনও খুব একটা বের হতে পারেননি সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে সাগর জাহান বলেন, ‘আমি সবসময় একটি বিষয় বলি, সেটি বাজেট। কম বাজেটে একটি কাজ করলে সেখানে অনেক সীমাবদ্ধতা থাকে। তাই গল্পটাও তেমনই হয়। নাটকে চরিত্র বাড়লে, লোকেশন ভালো হলে আর ভালো প্রোডাকশন চাইলে সেখানে অবশ্যই অর্থের প্রয়োজন। এটি অস্বীকারের জায়গা নেই। এই বাজেটের সমস্যাটাই পর্দায় দেখা যাচ্ছে। কিন্তু কাজ তো বন্ধ করা যায় না। এই সমস্যাগুলো একার পক্ষে সম্ভব না ঠিক করা। তাই যে যার জায়গা থেকে আমরা ভালো কাজের জন্য কাজ করলেই পর্দায় ভালো একটি কাজ দেখা সম্ভব।’
ছোটপর্দা ও বড়পর্দায় সমানতালে ব্যস্ত নুসরাত ইমরোজ তিশা। সারাবছর নাটকে তাকে খুব একটা দেখা না গেলেও বিশেষ দিবসে তার কাজের জন্য বসে থাকেন ভক্তরা। ভক্তদের নিরাশও করেন না তিশা। আগামীবছরের বিশেষ দিবসেও রয়েছে তার কয়েকটি নাটক। এরমধ্যে ভালোবাসা দিবসে প্রচারিত হবে নাটক ‘ভালোবাসা তুই’। অপূর্বে বিপরীতে এই নাটকটি টেলিভিশনের পাশাপাশি প্রচার করা হবে ইউটিউব চ্যানেলেও।
সাফা কবির এখন ব্যস্ত আছেন বিভিন্ন কাজ নিয়ে। নাটকের পাশাপাশি তাকে এখন দেখা যাচ্ছে মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজেও। আগামীবছরেও বেশ কয়েকটি বিশেষ দিবসের নাটকে দেখা যাবে তাকে। এরমধ্যে দুটি নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন। নাটকগুলো হলো ‘বিবাহ ডটকম’ ও ‘দ্য লাস্ট রেইন’।
নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও এখন ব্যস্ত ছোটপর্দার তারকারা। নতুন বছরে বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা যাবে তাদের। আর সব কাজের প্রস্তুতি শুরু হয়েছে এখনই। অন্যদিকে টিভি চ্যানেলগুলোতেও চলছে বিশেষ প্রস্তুতি।
