নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘নন্দিনী’। যারা প্রতিনিয়ত সুন্দর করে তুলছেন, গল্পের বইয়ে তারা নেই, নেই উইকিপিডিয়াতেও। তাদের ভিডিও ভাইরাল হয় না, নেই তাদের লক্ষ লক্ষ লাইক। তারা বাঁচেন প্রেরণা দিতে, আলো জ্বালাতে। প্রচারহীন এসব মানুষের গল্প নিয়ে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন লালমনিরহাটের ৯৫ বছর বয়সী জহিরন বেওয়া। যিনি বার্ধক্য এবং সামাজিক নানা প্রতিবন্ধকতা জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে বয়সে সাধারণত অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, সেই বয়সে তিনি সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে নিজ এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।
প্রায় ৪৫ বছর ধরে এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন এলাকার প্রিয় নানি। অনুষ্ঠানে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত ও সাংসদ আসাদুজ্জামান নূর।
ড. রুবানা হকের পরিকল্পনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও রচনা করেছেন তানভীর জনি। নাবিলা মারজুকের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন আজরা মাহমুদ। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক অভিষেক সিংহ রায় ও সহকারী প্রযোজক মামুনুর রশিদ। আজ রাত ৯টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে ‘নন্দিনী’।
