ভূঁইয়াগাতী সেতু দেবে উত্তরের পথে তীব্র যানজট

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪২

গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী সেতু দেবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঐ সেতু পথে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে উত্তরবঙ্গের বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়সহ ১০ জেলায় দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জরুরি রোগী পরিবহনেও বিলম্ব হচ্ছে।

সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ঐ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছিল। বুধবার বিকালে যানজটের কারণে সেতুটির ওপর উভয়মুখী অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় ৭৬ মিটার দীর্ঘ জরাজীর্ণ ঐ সেতুটির আগে থেকেই ফাটল ধরা তিনটি স্থান দেবে যায়। বিকল্প চলাচল ব্যবস্থা বা কোনো ‘ডাইভার্সন ওয়ে’ না থাকায় আটকে পড়া বাসের যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালকেরা মহা সংকটে পড়ে যান। যথাসময়ে সেখানে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ না করার কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে পরিবহন সংশ্লিষ্ট ভুক্তভোগী ও স্থানীয় বিশিষ্টজনেরা অভিযোগ করেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বড়ো ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকে ঐ সেতু হয়ে বগুড়া রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নলকা সেতু প্রবেশমুখের পূর্বে কড্ডারমোড় ও সিরাজগঞ্জ শহরের পথ ধরে কাঠেরপুল-রায়গঞ্জ আঞ্চলিক মহাসড়ক (পুরাতন বগুড়া রোড) হয়েও বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখী যানবাহনগুলো চলাচল করছে।

সর্বশেষ এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক জানান, সেতুটির পশ্চিম পাশ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে যানবাহন চলাচল করছে। তবে বিকল্প পথে পারাপারে কালক্ষেপণ হওয়ায় উভয় পাশে যানজট সৃষ্টি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি ইত্তেফাককে বলেন, ফোরলেনের নতুন সেতু চালু হতে তিন মাসেরও বেশি সময় লাগতে পারে। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে ভূঁইয়াগাতী সেতুর খারাপ স্প্যানগুলো সরিয়ে ঐ স্থানেই বেইলি ব্রিজ নির্মাণ করা হবে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘ভূঁইয়াগাতী সেতু ধসে পড়তে পারে যে কোনো সময়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।