পাহাড়পুর বৌদ্ধবিহার
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহারটি সংস্কারের মাধ্যমে পুরোনো আদলে ফিরিয়ে আনা হয়েছে। নতুনভাবে সাজানো হচ্ছে বিহার প্রাঙ্গণ। তবে বিহার প্রাঙ্গণে প্রবেশের কাঠের ব্রিজ ও কেন্দ্রীয় মন্দিরে ওঠার একমাত্র প্রধান কাঠের সিঁড়ি ভেঙে বেহাল হয়ে পড়েছে। ফলে বিহারে বেড়াতে আসা দর্শনার্থীরা কেন্দ্রীয় মন্দিরে উঠতে পারছেন না। সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীকে টিকিট কেটে প্রবেশের পর মন্দিরে যেতে হলে মন্দিরের পূর্ব দিক থেকে প্রথমে কাঠের ব্রিজ পেরোতে হয়। কিন্তু ভাঙা থাকায় ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় মন্দিরের উত্তর পাশে রয়েছে একমাত্র প্রধান কাঠের সিঁড়ি। মন্দিরের ওপরে উঠতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। কিন্তু সিঁড়িটির কিছু অংশ ভাঙা থাকায় গত কয়েক মাস আগে বাঁশের বেড়া দিয়ে সিঁড়ির মুখ বন্ধ রাখা হয়েছে।
পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল বলেন, প্রত্নতত্ত্ব বিভাগ রাজশাহীর মহাপরিচালককে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। তার নির্দেশনায় সাইনবোর্ড লাগিয়ে সিঁড়ি দিয়ে চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। যাতে দর্শনার্থীরা ওপরে উঠা থেকে বিরত থাকে। চিঠির প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান প্রকৌশলী ১৫ দিন আগে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
