তারাগঞ্জে দাম কমেছে পেঁয়াজের

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এ হাটে গত এক মাসের মধ্যে শুক্রবার সবচেয়ে বেশি পেঁয়াজ ওঠে। দুপুর ১২টায় প্রতিকেজি পাতাসহ পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা ও পাতা বাদে নতুন পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হয়। কিন্তু ক্রেতা না থাকায় দুপুর ৩টার পর পাতাসহ পেঁয়াজের দাম নেমে ৩০-৩৫ টাকা ও পাতা বাদে নতুন পেঁয়াজ ৮০-৮৫ টাকা দরে বিক্রি হয়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজ (পুরোনো) বিক্রি হচ্ছ ১০০ থেকে ১১০ টাকা কেজি দামে। তারাগঞ্জ হাটে পেঁয়াজ নিয়ে আসা কৃষক সামসুল, তারিকুল, সমবারু ও পেঁয়াজ ব্যবসায়ী মিনারুল, দুলাল, ছাদেকুলসহ কয়েকজন জানান, এ হাটে তারাগঞ্জ ও পার্শ্ববর্তী বদরগঞ্জ, কিশোরগঞ্জ এবং সৈয়দপুর উপজেলার উত্পাদিত পেঁয়াজ বিক্রি হয়। শুক্রবার হাটে হঠাত্ প্রচুর পেঁয়াজ উঠে। এতো পেঁয়াজ উঠলেও ক্রেতা তুলনামূলক কম থাকায় পেঁয়াজের দাম পড়ে গেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এ হাটে এসব পেঁয়াজ বিক্রি হয়েছে দ্বিগুণ দামে।

পেঁয়াজ ব্যবসায়ী গোলজার হোসেন জানান, যেভাবে এ তারাগঞ্জ হাটে পেঁয়াজ উঠেছে, যদি অন্য হাটেও এমনিভাবে প্রচুর আমদানি হয় তাহলে লোকসান গুণতে হবে।