দোহাজারী পৌরসভা
আবু তোরাব, চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হলেও জনবল সংকটের কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। অদ্যাবধি সম্পন্ন হয়নি ওয়ার্ড বিভাজন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌরসভা আইন অনুযায়ী ‘গ’ শ্রেণির পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও সচিব, একাউন্টেন্ট, প্রকৌশলীসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৪টি পদ রয়েছে। কিন্তু দোহাজারী পৌরসভা ঘোষণার আড়াই বছর অতিবাহিত হলেও সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও লাইসেন্স পরিদর্শকসহ ৭১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হয়নি। পৌরসভা হওয়ার পর স্থানীয় বিভিন্ন ধরনের করের পরিমাণ বাড়লেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ পৌরবাসীর।
জানা যায়, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় ২০১৭ সালের ১১ মে দোহাজারীকে পৌরসভা ঘোষণা করে সরকারি গেজেট জারি হয়। এর আড়াই বছর পরও পৌরসভায় জনবল সংকটের কারণে সেবা পাচ্ছে না পৌরবাসী। নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় কাদাপানিতে একাকার হয়ে পড়ে রাস্তাঘাট। সড়কবাতি, ডাস্টবিন এবং হাটবাজারের সড়কগুলো বেহাল। ভুক্তভোগীদের অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে জাতীয় সনদপত্র, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদপত্র পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। পৌরসভার শৌচাগারটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
দোহাজারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন ও নাছির উদ্দিন এবং দোহাজারী হাজারী টাওয়ারের ব্যবসায়ী জুনায়েদ সালেহ বলেন, সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় সাপ্তাহিক ও দৈনিক বাজার নিলাম, শঙ্খ নদের ঘাট নিলাম, আটোরিকশা স্ট্যান্ড নিলাম ও কর আদায় বাবদ পৌরসভার রাজস্ব আয় হলেও এলাকার কোন উন্নয়ন হয়নি। সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দিন আরো বলেন, বিগত বছরের ভয়াবহ বন্যায় আমার ওয়ার্ডের কয়েকটি রাস্তা ভেঙে পড়েছে। এলাকার বাসিন্দারা সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংস্কার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত দোহাজারী পৌর প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. বদরুদ্দোজা বলেন, নতুন পৌরসভা হিসেবে উন্নয়ন কাজ দৃশ্যমান হতে একটু সময় লাগবে। পৌরসভায় জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
