বোলারদের নৈপুণ্যে খুলনার তৃতীয় জয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯

হারের বৃত্তে রংপুর

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিপিএলে সুসময় কাটছে খুলনা টাইগার্সের। ব্যাটে-বলে দাপট দেখাচ্ছে মুশফিকুর রহিমের খুলনা। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে খুলনা। এবার শতভাগ ম্যাচ জেতা একমাত্র দল এখন অবধি শুধু খুলনা। গতকাল রংপুর রেঞ্জার্সকে ৮ উইকেটে পরাজিত করেছে খুলনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনার জয়ে মূল কৃতিত্ব বোলারদের। দলটির তিন পেসার চেপে ধরেছিলেন রংপুরের ব্যাটসম্যানদের। অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে রেখেছেন শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহীদুল ইসলামরা। খুলনার আউট হওয়া ৯ ব্যাটসম্যানের ৭ জনকেই ফিরিয়েছেন তারা। বাকি দুজন রানআউট হয়েছেন।

এই পেসারত্রয়ীর তোপেই টসে হেরে আগে ব্যাট করা রংপুর ৯ উইকেটে ১৩৭ রানের বেশি যেতে পারেনি। জবাবে রাইলি রুশোর হাফ সেঞ্চুরিতে ১২.৩ ওভারে ২ উইকেটে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে নেয় খুলনা। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শফিউল ইসলাম।

একদিন বিরতির পর গতকাল মাঠে ফিরেছে বঙ্গবন্ধু বিপিএল। টসে হেরে ব্যাট করা রংপুর শুরুতেই বিপাকে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই মোহাম্মদ শাহজাদকে (১১) ফেরান আমির। এক প্রান্তে নাঈম শেখ ঝড় তোলার চেষ্টা করলেও অপর প্রান্তে উইকেট হারাতে থাকে রংপুর। পরপর দুই ওভারে শফিউলের শিকার হন ক্যামেরন ডেলপোর্ট (৪) ও নাদিফ চৌধুরী (০)। ৪০ রানে ৩ উইকেট হারানো খুলনার হাল ধরেন নাঈম শেখ ও ফজলে মাহমুদ। তাদের ৩৯ রানের জুটি ভাঙে নাঈম শেখ আউট হলে। রান আউটের দুর্ভাগ্যে ফিরেন এই তরুণ। ৩২ বলে ৪৯ রান করেন এই বাঁহাতি ওপেনার। দলকে টেনে তোলার পোক্ত মঞ্চ পেলেও সুবিধা করতে পারেননি অধিনায়ক মোহাম্মদ নবী। ৪ রান করে আমিরের বলে কট অ্যান্ড বোল্ড হয়েছেন এই আফগান।

৪২ রান করা ফজলে মাহমুদকে ফেরান শফিউল। যদিও তার ও লুইস গ্রেগরির ব্যাটেই ১০০ পার হয় রংপুরের স্কোর। গ্রেগরি ২২ রান করেন। শফিউল তিনটি, আমির-শহীদুল দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নামা খুলনাকে খুব চাপে পড়তে হয়নি। মুস্তাফিজের করা ইনিংসের তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্ত (১) ফিরলেও সেই ধাক্কা অনুভূত হতে দেননি রহমানউল্লাহ গুরবাজ ও রাইলি রুশো। দলীয় ৮৫ রানে থামেন গুরবাজ। তিনি ২২ বলে ৩৭ রান (১ চার, ৪ ছয়) করেন। রংপুরের বোলারদের ওপর তোপ দাগিয়েছেন রাইলি রুশো। এই প্রোটিয়া ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নেন। অধিনায়ক মুশফিককে নিয়ে বাকি পথ নির্বিঘ্নেই পাড়ি দিয়েছেন রুশো। ৩১ বলে অপরাজিত ৬৬ রানের (৯ চার, ২ ছয়) ইনিংস খেলেছেন এই বাঁ-হাতি। ১৭ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

গুরবাজ-রুশোর ব্যাটিং ঝড়ে খরুচে ছিলেন রংপুরের বোলাররা। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রংপুর। দলের মতোই করুণ হাল তাসকিন আহমেদের। গতকাল ৩ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই পেসার। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ২.৩ ওভারে ২৮, নবি ২ ওভারে ২১ রান দিয়ে উইকেটের দেখা পাননি।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৩৭/৯

খুলনা টাইগার্স: ১২.৩ ওভারে ১৩৮/২

ফলাফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: শফিউল ইসলাম (খুলনা)