শেখ রাসেলের জয়
স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারিয়ে সূচনা করেছে। ২২ মিনিটে গোল করেছেন রাফায়েল ওদোইন। জিতল শেখ রাসেল। আর আলোচনায় উত্তর বারিধারার কোচ আলফাজ আহমেদ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ; সাবেক স্ট্রাইকার। এবারই প্রথম পেশাদার ফুটবলের বড়ো আসরে একটা দলের প্রধান কোচ হয়ে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আলফাজকে পেয়ে সংবাদমাধ্যম সবচেয়ে বেশি সময় ধরে কথা বলল। ফুটবল ক্যারিয়ার, কোচিং ক্যারিয়ার, ৯৯ সাফ গেমস ফুটবলে স্বর্ণ জয়, এবার এসএ গেমস ফুটবলের ব্যর্থতা, হেড কোচ হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা, সব আঙ্গিকে প্রশ্ন উঠল। আলফাজ সবকিছু নিয়েই জবাব দিয়েছেন।
শেখ রাসেলের বিপক্ষে এক গোলের হারে সন্তুষ্টি আছে উত্তর বারিধারার কোচ আলফাজের। এত বড়ো দলের বিপক্ষে আনকোরা সব ফুটবলার নিয়ে লড়াই করাটা কঠিন। দুই জন ছাড়া রাইট ব্যাক সাইদুল এবং গাম্বিয়ান ল্যান্ডিং ছাড়া বাদবাকি সব ফুটবলার প্রিমিয়ার লিগে প্রথম খেলছে। তার পরও শেখ রাসেল জিতেছে একমাত্র গোলে। সুযোগ পেয়েছিল কাজে লাগেনি। তবে আলফাজ বলছেন তার দলও সুযোগ পেয়েছিল কিন্তু শেখ রাসেলের গোলকিপার আশরাফুল রানা থামিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘স্ট্রাইকার সুমনের জায়গায় আমি হলে বলটা নিয়ে ডজ দিয়ে পোস্টে শর্ট করতাম। আসলে সুমনের অভিজ্ঞতা নেই।’
এক মাস অনুশীলন করেছে উত্তর বারিধারা। আলফাজ বলছিলেন, ‘এক মাস আমরা এই টুর্নামেন্ট প্রস্তুতি হিসেবে নিয়েছি।’
মোহামেডান, আরামবাগ, আবাহনী, ব্রাদার্স, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদে খেলেছেন আলফাজ। ১৯৯৫ থেকে ২০০৮ ক্লাব ফুটবলে এবং ২০০০ হতে ২০০৩ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন ১৯৯৬ সালে। ফাইনালে আলফাজের গোলে সাফ গেমস ফুটবলে বাংলাদেশ স্বর্ণপদক জয় করেছিলেন নেপালে, ১৯৯৯ সালে। আলফাজ ২০১২ সালে মোহামেডানের জার্সি গায়ে অবসর নেন আলফাজ। এসএ গেমস নিয়ে আলফাজ বললেন, ‘এবারও সেরা দল ছিল। ভাগ্যে নেই স্বর্ণ।’
ফুটবল ছেড়ে অন্য ব্যবসায়ে না গিয়ে নিজেকে ফুটবল মাঠেই রেখেছেন আলফাজ। কোচিংয়ে এ বি সি লাইসেন্স করেছেন। মহিলা ফুটবলে মোহামেডানের কোচ ছিলেন, পুরুষ দলে ছিলেন সহকারী । সেনাবাহিনীতে তিন বছর কোচিং করিয়েছেন। চলে গেলেন আলফাজ। এরই মধ্যে সংবাদ সম্মেলনে হাজির হন শেখ রাসেলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। ১ গোলে জিতেও খুশি শেখ রাসেল। আমাদের ইয়াসিন, বিশ্বনাথ, সোহেল রানা নেই। তাছাড়া যেভাবে চিন্তা করে মাঠে নেমেছিলাম সেটা হয়নি। জিতেছি খুশি। বিল্ডআপ, পাসিং, ডিফেন্সে আরো উন্নতি করতে হবে।
