সালাহ ‘মেসির মতো’!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

স্পোর্টস ডেস্ক

লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহর ভূয়সী প্রশংসা করেছেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। মিশরীয় এই খেলোয়াড়কে ‘পরিপূর্ণ খেলোয়াড়’ আখ্যা দিয়ে ওয়েঙ্গার জানিয়েছেন সালাহ খেলার ধরনে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গেও সাদৃশ্য রাখেন।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কোনো গোল না পেলেও সালাহ সতীর্থ নাবি কেইটাকে ৃদিয়ে করিয়েছেন একটি গোল। মন্তেরির বিপক্ষে এই অ্যাসিস্টে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি।

চলতি মৌসুমে ২৩ ম্যাচে ১৩ গোল ও সাতটিতে জোগান দেওয়া সালাহর পারফরম্যান্সে মুগ্ধ ওয়েঙ্গার। নেহায়েতই একজন গোলদাতা থেকে সালাহর গোল করানোতেও পারদর্শিতা অর্জনই এর মূল কারণ। সম্প্রতি কাতারভিত্তিক ক্রীড়া চ্যানেল বেইন স্পোর্টসে তিনি বলেন, ‘আমি তার বিবর্তনকে দারুণ পছন্দ করি। কারণ সে গত রাতে একজন প্লেমেকারের মতো খেলেছে।’

তিনি জানান মন্তেরির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সালাহর পারফরম্যান্স মেসির কথাই মনে করিয়ে দিচ্ছিল তাকে, ‘বক্সের আশপাশে সে যে সুযোগগুলো সৃষ্টি করেছিল তা ব্যতিক্রমী। তার পারফরম্যান্সে মেসির ছায়া ছিল গতকাল। একজন খেলোয়াড় যে কি না অনেক গোল করতে পারে সে অন্যের গোলে সহায়তাও করতে পারে, ব্যাপারটা বেশ পছন্দ করি আমি।’

সাবেক আর্সেনাল কোচ আরো যোগ করেন, ‘সে একজন পরিপূর্ণ খেলোয়াড়। এর তারিফই আমরা করে থাকে এবং এটাই আমরা নিজেদের খেলোয়াড়দের কাছ থেকে চেয়ে থাকি।’

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপও হাজির ছিলেন এই সাক্ষাত্কারে। দুই বছর ধরে কোচিং করার পরে সালাহকে নিয়ে তার ভাবনা, ‘বেশ ভালো, তার সঙ্গে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ইতিবাচক ব্যাপারটা হয় অনুশীলন মাঠে। এটা দারুণভাবে ভালো। সে খেলার মাঠেও দারুণ। বেশ, বেশ ভালো।’

সবচেয়ে দামি ‘আরব’ খেলোয়াড় হিসেবে কাতারে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে সালাহ বেশ দর্শকপ্রিয়তাও পাচ্ছেন। ক্লপ জানালেন প্রত্যাশার চাপটাও ভালোই সামাল দিচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড, ‘সালাহ যখন বল পায়ে এগোচ্ছিল স্টেডিয়ামের চিত্কার তখন আরও বেশি বাড়ছিল। প্রত্যেকটা স্পর্শে মনোযোগ কেড়ে নিচ্ছিল সে, আমি তার জায়গায় কখনোই যেতে চাই না। এমন চাপকে দারুণভাবেই সামলাচ্ছে সে।

তবে সালাহ অতিমানব নন, ব্যাপারটা আবারও মনে করিয়ে দিলেন ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘কিন্তু ভুলে যাবেন না সে একজন স্বাভাবিক মানুষ। সময়ে সময়ে কিছুটা বিশ্রামেরও প্রয়োজন এসে পড়ে।’

তবে আজকের ক্লাব বিশ্বকাপের ফাইনালে নিশ্চিতভাবে ‘পরিপূর্ণ খেলোয়াড়’ সালাহকেই নিশ্চিতভাবে চাইবেন ক্লপ। সেটা হয়ে গেলে যে প্রথম ক্লাব বিশ্বকাপ শিরোপাটা জেতাও সহজ হয়ে যায়!