যাচ্ছেন শানাকারা, আসছেন থারাঙ্গা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের শুরুটা খারাপ হয়নি। দাসুন শানাকার নেতৃত্বে ভালোভাবেই এগোচ্ছে কুমিল্লার বিপিএল মিশন। কম্বিনেশনের দিক থেকেও পোক্ত অবস্থান পেয়েছে দলটি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে ভাঙছে কুমিল্লার লাইনআপ। দেশের ডাকে ফিরে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা। তার সঙ্গী হয়ে ফিরছেন ওপেনার ভানুকা রাজাপাকশে এবং খুলনা টাইগার্সের অলরাউন্ডার হাসারাঙ্গা।

ভারত সফরের টি-২০ দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই তিন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ডাকে ফিরতেই হচ্ছে তাদেরকে। আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই কলম্বো উড়াল দেবেন তারা।

এদিকে দুই লঙ্কান ক্রিকেটারের বিকল্প ঠিক করে ফেলেছে কুমিল্লা। দলটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন নান্নু গতকাল জানিয়েছেন, শ্রীলঙ্কার বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইজকে উড়িয়ে আনছে কুমিল্লা। গতকাল তিনি বলেছেন, ‘শানাকা, রাজাপাকশে ২৪ ডিসেম্বর ম্যাচ খেলে যাবে। জাতীয় দলের ক্যাম্পে তারা ডাক পেয়েছে। শ্রীলঙ্কার থারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার উইজকে আমরা নিশ্চিত করেছি। তারা ২৬ ডিসেম্বর আসছে।’

মাঝপথে দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হারানোর কারণে কুমিল্লা দলের ভারসাম্য কিছুটা প্রভাব পড়বে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল তিনি বলেছেন, ‘দলটা ঠিক হয়ে গিয়েছিল। ভালো একটা দল হয়েছিল। ভালো খেলছিল দলটা। এখন আবার নতুন করে কম্বিনেশন করতে হবে। অধিনায়ক ঠিক করতে হবে। এটা চ্যালেঞ্জিং হবে। আশা করি, ছেলেরা নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করবে।’ ড্রাফট থেকে নিয়ে লঙ্কান মারকুটে ব্যাটসম্যান কুশল পেরেরাকেও পায়নি কুমিল্লা।