ইউপি চেয়ারম্যানের শিশুপুত্র হত্যা

চাচা-চাচি, চাচাতো বোনসহ পাঁচ জন আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুয়েল মিয়ার শিশু পুত্র আবীরকে (৫) গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে শিশুটির চাচা-চাচিসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে—চেয়ারম্যানের বড়ো ভাই নজরুল মিয়া, তার স্ত্রী রনি আক্তার, মেয়ে নদীয়া আক্তার এবং পাশের বাড়ির নয়ন মিয়া ও মোতালেব মিয়া।

আবিরের লাশ ময়নাতদন্তের পর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। শিশু আবীরের লাশ দেখার জন্য আশপাশসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ তার বাড়িতে ভিড় জমায়।

এ ব্যাপারে বাজিতপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের কেউ কেউ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিশুটি হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। চেয়ারম্যান জুয়েল মিয়া মুষড়ে পড়ায় মামলা করায় বিলম্ব ঘটছে বলে পরিবার সূত্রে জানা গেছে। বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে আশা করছি, খুব শিগগিরই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।