আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ পেলেও যাননি বিএনপি ঐক্যফ্রন্ট নেতারা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২২:৪০

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাননি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তবে ১৪ দলের শরিক দলগুলোর নেতারা ছাড়াও জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল সম্মেলনে উপস্থিত ছিলেন। এর বাইরে একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে ও বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর এবং বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সম্মেলনে যান।

একাদশ জাতীয় নির্বাচনের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। তবে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়াও সিপিবিসহ কয়েকটি বামদল আমন্ত্রণে সাড়া দেয়নি।

জানা গেছে, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন। গতকাল সকালে বেইলি রোডে নিজের বাসায় জোটের কয়েকজন নেতাকে নিয়ে আলোচনা করেন ড. কামাল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আওয়ামী লীগের সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট।

বিএনপির চারজন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল আওয়ামী লীগ। বিএনপির গতকাল বেলা সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল, পরে সেটি স্থগিত করা হয়। আজ শনিবার বিকাল পাঁচটায় স্থায়ী কমিটির বৈঠক রয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত্  হোসেন, ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মিসবাহুর রহমান ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

এদিকে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ছাড়াও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতি, মুজিবুল হক চুন্নু ও সুনীল শুভ রায় এবং দলের কেন্দ্রীয় নেতা মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি সম্মেলনে উপস্থিত ছিলেন।