কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পেরিয়ে প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে। পতাকা বৈঠকের মাধ্যমে ২৩ ঘণ্টা পর ভারতীয় কিশোরীকে ফেরত দিল বিজিবি।
সীমান্তবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশ দিয়ে ভারতীয় নুন্নাহার খাতুন (১৪) নামের এক কিশোরী প্রেমের টানে বাংলাদেশি প্রেমিকের বাড়িতে আসে। বাংলাদেশি প্রেমিক সাগর মিয়ার (১৮) বাড়ি সীমান্তবর্তী কুরুষাফেরুষা গ্রামে। সে ঐ গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ভারতীয় কিশোরী প্রেমিকার বাড়ি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোঠাল গ্রামে। সে ঐ গ্রামের নুর ইসলামের মেয়ে।
প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে আসার বিষয়টি লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের সদস্য জানতে পেরে স্থানীয় মেম্বার-চেয়ারম্যান ও পুলিশের মাধ্যমে উদ্ধার করে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফের মাধ্যমে ঐ কিশোরীর পরিবারের কাছে হস্তান্তর করে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ও ফুলবাড়ী থানার এসআই হাবিব।
শুক্রবার বিকালে কুরুষাফেরুষা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ঐ কিশোরীকে ফেরত দেয় বিজিবি।
