সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপচেষ্টা বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল শুক্রবার সকালে বাসদ সোনারগাঁও শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ সোনারগাঁও শাখার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খাঁন বিপ্লব, প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানউল্লাহ আমান, বাসদ সোনারগাঁও উপজেলা ফোরামের সদস্য ইসহাক মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুনানি করেছে। গত ১০ বছরে ৮ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। একইভাবে এর আগে বিশ্ব বাজারে গ্যাসের দাম কমলেও বাংলাদেশের দাম বাড়িয়েছে। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অসত্ ব্যবসায়ী সিন্ডিকেট এক পেঁয়াজের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোনো যৌক্তিক কারণ না থাকলেও চালসহ আরো প্রায় ১০-১২টি পণ্যের দাম বাড়ানো হয়েছে।
বক্তারা বলেন, কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ সেই পণ্য ফড়িয়াদের দ্বারা গুদামজাত হওয়ার পরে ১০-১২ গুণ বেশি দিয়ে সেই কৃষককেই কিনে খেতে হচ্ছে।
