দর্শনায় সড়ক দুর্ঘটনায় ভারতের নাগরিকের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাকটরের চাপায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতের নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তপন বিশ্বাস ভারতের  উত্তর ২৪ পরগোনা জেলার গোলা থানার যুগ বাড়িয়া গ্রামের বাসিন্দা অমর বিশ্বাসের ছেলে। তার পাসপোর্ট  নং জেড-৫২৪২৯০৬।

আরও পড়ুন: রবিবার অবস্থার উন্নতি হলেও শীতের তীব্রতা অব্যাহত থাকবে

দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, শুক্রবার রাতে দর্শনা কেরু চিনিকলের একটি আখ ভর্তি ট্রাকটর মিলে আখ নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড় পার হচ্ছিল। এ সময়  তপন বিশ্বাস আবাসিক হোটেল থেকে নেমে রাস্তা পার হতে গেলে ট্রাকটরের ধাক্কায় পড়ে যায়  এবং  পিছনের চাকায় পিস্ট হয়। রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

ইত্তেফাক/এমআরএম