সুনামগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৪

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার রাজনপুর গ্রামে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত। নিহত শ্বশুরের নাম সৈইফ উদ্দিন (৬০)। তিনি রাজনপুর গ্রামের বাসিন্দা। শনিবার সকাল সাড়ে ৮ টায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক পূত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে শফিকুরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই জা’দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন। এর অংশ হিসাবে গত রাতে জা'দের ঝগড়া হয়েছিল। আজ ভোরে ঘাতক সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন শ্বশুর সৈইফ উদ্দিন পূত্রবধূকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় পুত্রবধূ সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করেন। সে আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোয়ারা বাজার থানার এস.আই. সজীব দত্ত, ও এস.আই. রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়।

আরও পড়ুন: সরকারি কম্বল যাচ্ছে কোথায়!

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত এস.আই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু