/ সত্যজিত্ বিশ্বাস
ঠাট্টা :কেমন আছেন? কেমন কাটল বছরটা?
ক্যালেন্ডারের শেষ পাতা :অনেক নাটকীয় ঘটনায় ভরপুর, সেই-ই ছিল বছরটা।
ঠাট্টা :যদি একটু ব্যাখ্যা করতেন?
ক্যালেন্ডারের শেষ পাতা :আপনাকে ব্যাখ্যা করতে যাব কোন ইস্যুতে? আপনি কেডা? কোন ইউনিভার্সিটির ভিসি?
ঠাট্টা :ইয়ে মানে আমি ঠাট্টা...
ক্যালেন্ডারের শেষ পাতা :কী? আমার সাথে ঠাট্টা করতে এসেছেন?
ঠাট্টা :জী না, আমি এসেছি ‘ঠাট্টা’-এর পক্ষ থেকে।
ক্যালেন্ডারের শেষ পাতা :ধুর শালার ভাগ্যটাই খারাপ। ভাবছিলাম, জীবনের শেষ সাক্ষাত্কারটা সিরিয়াস কেউ নিতে আসবে। তা না, কপালে জুটল ঠাট্টা।
ঠাট্টা :আপনি কি অপমান করতে চাচ্ছেন?
ক্যালেন্ডারের শেষ পাতা :না তো। হালকা ঠাট্টা করতে চাইলাম।
ঠাট্টা :মনে হয় এবার আমরা মূল প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারি। বলছিলেন, অনেক নাটকীয় ঘটনায় ভরপুর ছিল বছরটা।
ক্যালেন্ডারের শেষ পাতা :কী ছিল না বলেন? রূপপুরের বালিশ কাণ্ড থেকে শুরু করে ফরিদপুরের পর্দাকাণ্ড, গোপালগঞ্জের অবিশ্বাস্য দামের মেডিকেলের বই থেকে পুকুর কাটার ট্রেনিং নিতে বিদেশ সফর, ক্যাসিনো কাণ্ড, সাকিবকে বাদ দিয়ে পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, চমকের পর চমক।
ঠাট্টা :এ বছরের সেরা অর্জন কী আপনার?
ক্যালেন্ডারের শেষ পাতা :অবশেষে ঘটনার ঘনঘটাপূর্ণ বছরটাকে বর্জন করতে পারছি।
ঠাট্টা :ক্যালেন্ডারের প্রথম পাতার দিকে মানুষ যতটা আগ্রহ ভরে তাকায়, ক্যালেন্ডারের শেষ পাতার দিকে তাকায় ততটাই বিষণ্ন চোখে। এ ব্যাপারে কী বলবেন?
ক্যালেন্ডারের শেষ পাতা :দিনশেষে সব পাখিই টাংকিবাজি শেষ করে বিষণ্ন মনে ঘরে ফিরে। দোষ কী সূর্যাস্তের? ঠিক তেমনি, ক্যালেন্ডারের প্রথম পাতা উল্টে আমার কাছে আসতেই হয়। দোষ কী শেষ পাতার?
ঠাট্টা :আপনি তো দারুণ কথা জানেন। ঠাট্টার পাঠক কীভাবে বাড়ানো যায়, একটা পরামর্শ দিন তো।
ক্যালেন্ডারের শেষ পাতা :কেউ যদি না পড়ে, মেরে দিন গাট্টা;
ধরা খেলে বলবেন, ওটা ছিল ঠাট্টা।
ঠাট্টা :বর্ষসেরা পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আসেন আপনাকে দিয়েই পাঠক বাড়ানোর কাজ শুরু করি।
ক্যালেন্ডারের শেষ পাতা :মাইচ্ছে রে। কারে কী পরামর্শ দিলাম, আলবিদা।
