বিনোদন রিপোর্ট
মাদকমুক্ত সমাজ গড়তে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত আয়োজিত হয় কনসার্ট। এই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট-২০২০। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের এই কনসার্টে উপস্থিত থাকবেন রকশিল্পী মিলা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই দুই তারকা ছাড়াও পারফর্ম করবেন কণ্ঠশিল্পী ইমরান, কনা, পূজা, সুজন আরিফ, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপি। কোরিওগ্রাফিতে থাকবে সোহাগ ড্যান্স গ্রুপ। কনসার্টটি উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া।
চ্যানেল লাইভের সিইও ও ইভেন্ট অর্গানাইজার কণ্ঠশিল্পী অনন্যা রুমা বলেন, ‘দেশব্যাপী মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ ছাড়াও থাকছে বৈচিত্র্যময় লেজার শো। দুপুর ২টায় গেট খোলা হবে। তবে কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়।—এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
